Sylhet Today 24 PRINT

ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে ডিএমপির একাধিক কর্মকর্তা রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বেশ কিছু সদস্যকে মোতায়েনের তথ্য দিয়েছেন।

এর মধ্যে সেখানে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরাও রয়েছেন বলে ওই কর্মকর্তারা জানান। সোয়াটের সদস্যরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের কাছে ভারী অস্ত্র ও উন্নত সরঞ্জাম রয়েছে।

পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, “নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

তবে তিনি হুমকির ধরন বা সুনির্দিষ্ট তথ্য সম্পর্কে কিছু জানাননি।

জানা গেছে, পুরো বারিধারা কূটনৈতিক জোনে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতিও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.