Sylhet Today 24 PRINT

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুনে নিহত ৯

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৫

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

লাশগুলো পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তালহা বিন জসিম। তিনি বলেন, লাশগুলো কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালহা বিন জসিম বলেন, পোশাক কারখানার পাশেই রাসায়নিকের গুদাম। সেখানে আগুন লাগে। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তালহা বিন জসিম।

আজ দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.