Sylhet Today 24 PRINT

সমান অধিকার দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর শাহবাগ মোড়ে বুথবার দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ একত্রিত হয়ে আন্দোলনে যোগ দেন। তারা শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, “এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের জন্য চাই সমান অধিকার, বৈষম্য নয় আর!”

এই বিদ্যালয়গুলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (National Foundation for Development of the Disabled Persons – NFDDP) এর ব্যবস্থাপনায় পরিচালিত, যা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান। ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৭৫টি বুদ্ধি, অটিজম, শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়কে মনিটরিং করে থাকে, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়।

আন্দোলনের প্রেক্ষাপট

শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের দাবিগুলোর মধ্যে রয়েছে — ২০% বাড়ি ভাতা বৃদ্ধি,চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই দাবিগুলো শুধু নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য নয় — এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

তারা বলেন, “আমরা একই জাতীয় বাজেট কাঠামো থেকে বেতন পাই, একইভাবে এমপিও সুবিধাভোগী। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকরা যে সুযোগ-সুবিধা পান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলো তা থেকে বঞ্চিত। এটি চরম বৈষম্য।”

শিক্ষকরা আরও জানান, গত প্রজ্ঞাপনে এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের শিক্ষকদের উৎসব ভাতা ৫০% করার নির্দেশনা থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলো এখনো সেই সুবিধা পায়নি।

আন্দোলনে উপস্থিত ছিলেন: সোহেল রানা, সিনিয়র শিক্ষক, খিলগাঁও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় (সমন্বয়ক) মীর মোঃ জহিরুল ইসলাম, উপ-পরিচালক, সুইড বাংলাদেশ, জেবুন্নাহার বেগম, প্রধান শিক্ষক, কল্যাণী ইনক্লুসিভ স্কুল, মালিবাগ, মোঃ ওমর ফারুক ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, রমনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মিথিলী ইসলাম, শিক্ষক, সুইড ল্যাবরেটরি মডেল স্কুল


এছাড়া দেশের বিভিন্ন জেলা — ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম — থেকে শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

শিক্ষকদের ঘোষণা

আন্দোলনে শিক্ষকরা বলেন, “প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য আমরা মাঠে কাজ করি, কিন্তু নিজেদের অধিকার থেকে বঞ্চিত। এমপিওভুক্ত সকল বিদ্যালয়ের সমান সুবিধা না দেয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত প্রজ্ঞাপন জারি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা মন্ত্রণালয়ের সমান সুযোগ-সুবিধা ও ভাতা কাঠামোতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রতিবন্ধী শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.