সিলেটটুডে ডেস্ক | ২০ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।
সম্প্রতি তাদের নিয়ে একটি মিডিয়া প্রতিবেদন প্রকাশ করলে দেশজুড়ে আলোচনা হয়। এরপর তাদের দুই জনকে বান্দরবান এলাকা থেকে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, সম্প্রতি তারা বান্দরবানে আত্মগোপনে ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত যুগলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
জসীম উদ্দিন খান বলেন, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। শুধু তারা নিজেরাই নয় রয়েছে অন্যদের যুক্ত করার অভিযোগও।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরা অপরাধই করছেন না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।
সম্প্রতি ঢাকাভিত্তিক একটি ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ করা অপরাধ; এজন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এই সুস্পষ্ট আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, দুই যুগল আন্তর্জাতিক পর্নোগ্রাফি বাজারে নিজেদের বড় অভিনেতা-অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে।