Sylhet Today 24 PRINT

গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই: নাহিদ

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২৫

গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা জুলাই সনদের আওতাধীন। এই সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে সে বিষয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে। যেহেতু এই বিষয়টি জুলাই সনদে আছে, সেহেতু গণভোটের পরেই এই সরকারের বিষয়টি চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ফলে যারা এখনই তত্ত্বাবধায়ক সরকার করার কথা যারা বলছেন, তাদের দুরভিসন্ধি রয়েছে।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেগুলো বিবেচনা করে তারা যেন নিজেদের পুনর্গঠন করে নেন। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে বারবার বলা হয়। তারা কোনো দলের প্রতিনিধি হয়ে সরকারে নেই। তারা গণঅভ্যুত্থান প্রতিনিধি হয়ে সরকারে গিয়েছেন। ফলে অন্য উপদেষ্টারা যেমন, তারাও তেমন। অন্য উপদেষ্টাদেরও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে। যখন সরকার গঠিত হয়, তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কোন কোন উপদেষ্টা কোন কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রশাসনিক ভাগ–বাটোয়ারার সঙ্গে জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.