Sylhet Today 24 PRINT

ভারতে মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ডলি ভারতে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (২৯ অক্টোবর) কলকাতার সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস।

জানা গেছে, কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করতেন তিনি।

বৃহস্পতিবার কনিকা বিশ্বাসের আত্মীয় ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, ‘গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো।

কনিকা বিশ্বাসের জন্ম গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে । ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।

কনিকা বিশ্বাসের ভাতিজা হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস জানান, বঙ্গবন্ধুর মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি দেশত্যাগ করেন।

কনিকা বিশ্বাস ডলি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

১৯৮৫ সালে তাঁর স্বামী বীরেন রাজ বিশ্বাস মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.