Sylhet Today 24 PRINT

পোষাকের কারণে বাসে নারীকে হেনস্তা: সেই হেলপার গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২৫

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

মেজর আবরার ফয়সাল বলেন, 'ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।'

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, 'নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।'

নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র শুক্রবার ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

'আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন,' বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.