Sylhet Today 24 PRINT

ঢাবি শিক্ষক মোনামীর ‘আপত্তিকর’ ছবি প্রকাশ, ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২৫

ছবি সম্পাদন করে ‘অশালীনভাবে’ উপস্থাপন করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আনিম ভূঁইয়া মোনামী।

সোমবার দুপুর ১টার দিকে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে এ মামলা করেন।

লেখক মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান নামের এক ব্যক্তি আসামির তালিকায় রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, বাদীর ছবি অশালীনভাবে সম্পাদন করে ফেইসবুকে পোস্ট করেন আসামি মুজতবা খন্দকার। তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।

আরেক আসামি লেখক মহিউদ্দিন মোহাম্মদ একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বাদীকে ‘যৌন-কল্পনার রসদ’বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

তৃতীয় নম্বর আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেইসবুক পোস্টে বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আরেক আসামি আশফাক হোসাইন ইভান তার ফেইসবুক পোস্টে সম্পাদন করা বাদীর অশালীন ছবি পোস্ট করেন। এসব ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অনেকেই হেনস্তা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে চার আসামির ফেইসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।

মামলার বিষয়ে মোনামী বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।

তিনি বলেন, “আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.