Sylhet Today 24 PRINT

অভিযোগ আমলে নিচ্ছে ফেসবুক : তারানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘সমঝোতার দ্বিপাক্ষিক আলোচনার পর বিটিআরসির উত্থাপিত প্রতিটি অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ আমলে নিয়েছে। যা ইতোপূর্বে কখনোই হয়নি।’

দশম সংসদের নবম অধিবেশনে সোমবার প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের উত্তর তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুকে গঠনমূলক ব্যবহারের পাশাপাশি এর ধ্বংসাত্মক কাজ বিশেষ করে সমাজে অস্থিতিশীলতা, বৈষম্যমূলক প্রচারণা ও নানাবিধ মানহানিকর প্রচারণা ইদানীংকালে প্রচুর বৃদ্ধি পেয়েছে। সমস্যা দূরীকরণের জন্য প্রতিনিয়ত ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে উক্ত ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া বিগত দুই মাস আগে হতে আইএসপিদের বা সাবসক্রাইবারদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর সফরকালে দ্বিপাক্ষিক আলোচনায় ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা হয়েছে। তারা যুক্তিযুক্ত অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহ সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রতিকার করার প্রতিশ্রুতি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল-এনফোর্সমেন্ট এজেন্সির (এলইএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.