Sylhet Today 24 PRINT

মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানহানি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল।

মাহমুদ্দুনবী সোহেলের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বলেন, ওয়ান ইলেভেন এবং তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে। যেহেতু শেখ হাসিনা ছাত্রলীগের নেতা সে কারণে তার মানহানি মানে আমার বাদী ও সাক্ষীদের মানহানি। আর এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।

তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে, আশা করছি আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে ১/১১ পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই কতৃক সরবরাহকৃত দুর্নীতির 'ভুয়া' খবর যাচাই ছাড়া প্রকাশ করে ভুল করেছেন বলে স্বীকার করেন মাহফুজ আনাম। তাঁর এই স্বীকারোক্তির পর নানান মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় মাহফুজ আনামের গ্রেপ্তার দাবি করেন। এদিকে জাতীয় সংসদেও কয়েকজন সরকারদলীয় সাংসদ আনামের গ্রেপ্তার দাবি করার পাশাপাশি ডেইলি স্টারের সার্কুলেশন বাতিল করার দাবি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.