সিলেটটুডে ডেস্ক | ০৯ ফেব্রুয়ারী, ২০১৬
বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই। তবে তা মোকাবিলায় উপযোগী ব্যবস্থা নিয়ে সরকার সতর্ক রয়েছে। জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে জিকা ভাইরাস রয়েছে কিনা শনাক্ত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলাবর (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ আমেরিকাসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলসহ অন্যান্য দেশের মায়েদের গর্ভে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের ঘটনা বাড়ছে।
প্রতিবন্দ্বী সংক্রান্ত সমস্যার জন্যে এডিস মশাকেই দায়ী করে আসছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুধু গর্ভবতী মায়েদেরই নয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে যৌন সম্পর্কের কারণেও এ ভাইরাস ছড়ার ঘটনা ঘটেছে।
এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র এ মহামারী থেকে মানুষকে রক্ষা করতে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
তারা বলছেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে পাবলিকলি না হলেও এ ভাইরাসের ভ্যাকসিন আক্রান্তদের শরীরে প্রয়োগ করা যাবে।
এদিকে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনায় ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।