Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো দল নয়: আমীর খসরু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসারও তাগিদ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমীর খসরু কথা বলছিলেন।

আগামী সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় কী প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা।

“আর রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। এটা ওদের উপর ছেড়ে দেন। আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আশাকরি একটা নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস।”

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই তারিখ নির্ধারণ করে দেয়। রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.