Sylhet Today 24 PRINT

রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পেছনে সি-ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত ৯টার দিকে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি বলেন, সন্ধ্যায় পল্লবী থানা যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসে। পরে ওই তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তার মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে।

এ সময় আশপাশের লোকজন একজন দুর্বৃত্তকে আটক করেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তার অনুসারীরা দোকানে ঢুকে সাত রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.