Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার শারিরীক অবস্থা `অত্যন্ত সংকটময়’, দোয়া চাইলেন ফখরুল

অনলাইন ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপার্সন যেনো সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে দোয়া চান তিনি।

মির্জা ফখরুল বলেন, গত দুইদিন ধরে খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃস্পিতিবার রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। জনগণের কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।

এদিকে, আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে আনা হয়।

এর আগে, সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে সময়ও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.