সিলেটটুডে ডেস্ক | ১০ ফেব্রুয়ারী, ২০১৬
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় নগরী ঢাকার প্রতি ভালোবাসা জানান দিতে ‘প্রাণসখা ঢাকা’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
‘লাভ ফর ঢাকা’ (ঢাকার জন্য ভালোবাসা) শ্লোগানকে সামনে রেখে এ দিন রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা অনুষ্ঠানে থাকছে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন ও গানের কনসার্ট। গ্রামীণফোন স্পন্সরে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এ আয়োজনে সহযোগিতা করেছে।
অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার মেয়র সাঈদ খোকন। এসময় তিনি জানান, সিটি করপোরেশনর জন্য চলতি ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলতে বিশ্বভালোবাসা দিবসে প্রিয়জনের পাশাপাশি নগরীকে ভালোবেসে রাস্তায় নানার আহ্বান জানান তিনি।
দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা ভালোবাসার এ দিনটিতে সবাই শাহবাগে মিলিত হবো। সবার একসঙ্গে সেদিন বলবো- ঢাকা আমি সত্যি সত্যি তোমায় অনেক ভালোবসি।’
মেয়র বলেন, ‘আমার একার পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয়। নগরীর যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করে নগরীকে বসবাসযোগ্য করার চেষ্টা করছি। কিন্তু এ কাজে নগরবাসী সহযোগিতা না করলে পুরোপুরিভাবে সফল হওয়া সম্ভব নয়।’
মেয়র বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা বিষয়কে জনসচেতনতামূলক যে কার্যক্রম চলছে তা কিন্তু ক্ষণিকের জন্য নয়। নগরবাসীকে পুরোপুরিভাবে সচেতন করেই এ কাজ সমাপ্ত করা হবে।’
এতে উপস্থিত ছিলেন- ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিজ্ঞাপন সংস্থা মাত্রার পরিচালক সানাউল আরেফিন, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন প্রমুখ। ডিএসসিসির এ অনুষ্ঠানে নাগরিক সচেতনতা বাড়াতে সাংস্কৃতিক আয়োজনের সাথে ‘প্রাণসখা ঢাকায়’ গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, জলের গান, শিরোনামহীনসহ অনেকেই।