সিলেটটুডে ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০২৫
দলিত জনগোষ্ঠীর উন্নয়ন বিশেষ করে দলিত নারীদের ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সম্মানজনক ‘কমলা ভাসিন অ্যাওয়ার্ড’ পেয়েছেন দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানী দাস।
গত ২৭ নভেম্বর নেপালে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
শারীরিকভাবে অসুস্থ থাকায় মনি রানী দাস ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন।
নাদিরা পারভীন অনুষ্ঠানে মনি রানী দাসের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা তুলে ধরেন।
দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে মনি রানী দাস দীর্ঘদিন ধরে দলিত জনগোষ্ঠীর, বিশেষত দলিত নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দলিত নারী ফোরাম দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার আদায়ের জন্য বহু কর্মসূচি বাস্তবায়ন করেছে।
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ড’ দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী অধিকার ও ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। বিশিষ্ট নারীবাদী কর্মী ও লেখক কমলা ভাসিনের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে, যিনি সারাজীবন দক্ষিণ এশিয়ার নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মনি রানী দাস বলেন, এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি দলিত জনগোষ্ঠীর সকল নারী-পুরুষের, যারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছেন। আমি আশা করি এই স্বীকৃতি আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং দলিত নারীদের ক্ষমতায়নের পথ আরও সুগম হবে।
দলিত নারী ফোরাম, নাগরিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন মনি রানী দাসকে অভিনন্দন জানিয়েছে। তারা বলছেন, মনি রানী দাসের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের অবদানের ফলেই বাংলাদেশে দলিত নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি সাধিত হচ্ছে।
উল্লেখ্য, দলিত নারী ফোরাম বাংলাদেশের দলিত নারীদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নে কাজ করা একটি অগ্রণী সংগঠন। সংগঠনটি দলিত নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগ সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।