সিলেটটুডে ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০২৫
ফেসবুকে ‘কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য’ ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৮টি ফেসবুক আইডি ও ১৪টি পেজের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের (ডিবি) সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তার সঙ্গে ডাকসুর আইন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযুদ্ধ সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, ‘উল্লিখিত প্রতিটি পেজ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অ্যাকটিভিস্টরা এসব পেজ পরিচালনা করেন। আমরা ডিবিতে এসব পেজের লিংক সরবরাহ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা শাহবাগ থানায় গিয়ে মামলার একটি কপিও জমা দেব। আশা করি, যারা এসব কর্মকাণ্ড করছে শিক্ষার্থী, প্রার্থী কিংবা আমার বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’
অভিযোগে দেওয়া ১৮টি ফেসবুক আইডির মধ্যে রয়েছে, হাসিব আকন, নাজির শরীফ, শিকদার বিপ্লব, কামাল হোসাইন, এস এম আমিরুল, রায়হান গাজী, সাব্বির আহমেদ, এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ প্রমুখ।
অভিযোগপত্রে উল্লিখিত ১৪টি ফেসবুক পেজ হলো- ‘অসময়ের কণ্ঠস্বর, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিইউ ইনসাইডার্স, কাঁঠেরকেল্লা, ইয়ার্কি, বাংলাদেশ আট্রাভার্স, রৌমারি, রগ পরিচর্যা কেন্দ্র, বঙ্গগ্রাফ, ন্যাশনালিস্ট ডাটা, ভয়েস অব ডাকসু, অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, বটজিপিটি, ১০% মিমস, কার্টুন এবং দি পাঙ্গাস’।