সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০২৫
গুমের দুই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত আইনজীবী আমীর হোসেন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আমীর হোসেন নিয়োগ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আইনজীবী আমীর হোসেন জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধে দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলায়ও ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ওই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, এবং অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় ৫ বছরের কারাদণ্ড।
এরআগে, গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন বলে জানিয়েছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ট্রাইব্যুনাল তাকে নিয়োগে সম্মতি দিলেও, পরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে সরে আসেন আইনজীবী জেড আই খান পান্না। পরে তিনি জানান, যে ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সে ট্রাইব্যুনালে তিনি লড়বেন না।
আইনজীবী জেড আই খান পান্নার এসব মন্তব্যের জন্যে ট্রাইব্যুনাল তাকে ডেকে পাঠালে তিনি ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। জেড আই খান পান্না মামলা থেকে সরে যাওয়ার পর ট্রাইব্যুনাল আমীর হোসেনকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন।