Sylhet Today 24 PRINT

সরকারকে পাশ কাটিয়ে ভোজ্যতেলের দাম বাড়ালো ব্যবসায়ীরা

কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের দাম হঠাৎ লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তের পেছনে কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি পরিষ্কারভাবে জানান, ব্যবসায়ীরা সরকারকে কোনোভাবে জানানো বা সম্মতি নেওয়া ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টার ভাষায়, “আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। সম্মতিও নেয়নি। সব কোম্পানি একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে দাম বাড়িয়েছে।” তিনি জানান, বিষয়টি জানার পর আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, মাত্র আগের দিনই সরকার ক্রয় কমিটির সভায় ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে। তারপরও বাজারে একই পণ্যের দাম এমনভাবে বেড়ে যাওয়া যৌক্তিক নয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। তার কথায়, সরকার তুলনামূলক কম দামে তেল কিনতে পারলে বাজারে উচ্চদাম ধরে রাখার কোনো যুক্তি নেই।

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “নিয়ন্ত্রণ আছে কিনা সেটা আমাদের পদক্ষেপ দেখলেই বুঝতে পারবেন। আইন লঙ্ঘন হলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়াতে পারল—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, সেটির জবাব ব্যবসায়ীরাই দিতে পারবেন। তবে সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে কোনো ঘোষণা ছাড়াই আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো নীরবে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেয়, যা ভোক্তাদের বিপাকে ফেলেছে। ক্রেতারা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এই ধরনের মূল্যবৃদ্ধি অন্যায়। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর উচিত বিষয়টি খতিয়ে দেখা বলে তারা মনে করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.