Sylhet Today 24 PRINT

বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

যেন বাজার নিয়ন্ত্রণের উদ্যোগকে চ্যালেঞ্জ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

সরকারি সতর্কবার্তা কার্যত উপেক্ষা করেই ভোজ্যতেল বাজারে নিজেদের নির্ধারিত বাড়তি দাম চালু রেখেছে পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য উপদেষ্টার সরাসরি হুঁশিয়ারির পরও গত এক সপ্তাহ ধরে তারা বাড়তি দরে সয়াবিন তেল সরবরাহ করছে, যেন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তারা পাত্তাই দিচ্ছে না। এর ফল ভোগ করছে সাধারণ ক্রেতারা—রান্নার তেলের জন্য অতিরিক্ত দাম গুনতে হচ্ছে তাদের।

গত বুধবার কোনো ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়ে দেন, সরকারের অনুমতি ছাড়া দাম বাড়ানো বেআইনি, এবং এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পরদিন বাণিজ্য মন্ত্রণালয়ে কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ঠিক হয়, লিটারে ৯ টাকা পর্যন্ত দাম কমাতে হবে। আজ রোববার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও কোম্পানিগুলো তাতে কর্ণপাত করছে না; তারা আগের মতোই অতিরিক্ত দামের তেল বাজারে ছাড়ছে।

ফলে দাম কমানোর আলোচনার মধ্যেই ভোক্তাদের পকেট থেকে প্রতিলিটারে বাড়তি ৯ টাকা তুলে নিচ্ছে ব্যবসায়ীরা—যেন বাজার নিয়ন্ত্রণের উদ্যোগকে প্রকাশ্যে চ্যালেঞ্জই জানাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.