Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভেযোগে মামলা নিয়ে যা বললেন জামায়াত নেতা শিশির মনির

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলাটিকে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে জানিয়েছেন শিশির মনির।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্ম অবমাননার মামলার প্রেক্ষিতে তিনি একটি বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী।

তিনি আরও বলেন, আইনের আশ্রয়লাভের সুযোগ সকলেরই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।

এর আগে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে তা ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.