Sylhet Today 24 PRINT

তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন যেন সারা দেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেনর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'খুব শিগগিরই' দেশে ফিরবেন । তারেক রহমান যেদিন ফিরবেন, সেদিন যেন সারা দেশ কেঁপে ওঠে’, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

গত রবিবার থেকে চলা এ কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। উপস্থিত নেতাকর্মীদের ফখরুল বলেন, 'আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই দেশে আসবেন।'

তিনি আরও বলেন, নেতা যেদিন দেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ, আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।'

আসন্ন নির্বাচনে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরি জয় লাভ করতে হবে। যাতে করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই।'

সব বাধা-বিপত্তি, বিরুদ্ধ প্রচারণাকে কাটিয়ে উঠে নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়ানোর অনুরোধ জানান ফখরুল। তিনি বলেন, 'বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।'

বিএনপির এই নেতা বলেন, 'বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামী দল—এই কথাগুলো সবসময় মনে রাখবেন।'

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এসময় মির্জা ফখরুল।

'দেশ গড়া পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.