Sylhet Today 24 PRINT

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস, শুনলেন ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গেছেন একই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী মির্জা আব্বাস। সেখানে গিয়ে তিনি ওসমান হাদির সমর্থকদের তোপের মুখে পড়েন।

মির্জা আব্বাস শুক্রবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে যান। জরুরি বিভাগ দিয়ে সিটিস্ক্যান রুমে যাওয়ার পথে হাদির সমর্থকেরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। পরে তিনি হাদিকে দেখার জন্য জরুরি বিভাগে যান।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বেলা ২টা ১০ মিনিট বা ২০ মিনিটের দিকে হাদি রিকশায় চড়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম জানান, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁর মাথায় গুলি লেগেছে। তাঁকে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সার্ভিস (ওসেক) ইউনিটে নেওয়া হয়েছে।

এদিকে, ঢামেকে হাদির সঙ্গী ও সমর্থকদের ভিড় জমেছে। তার সতীর্থরা জানান, জরুরি বিভাগে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত জোগাড় করতে বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.