Sylhet Today 24 PRINT

শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে : রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ঘটনার এক–দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এমন পোস্ট দেওয়ার উদ্দেশ্য কী- সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, এই এলাকায় অন্য রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী নেতা বসবাস করেন- শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায়। কিন্তু তারা কখনো কেন এ ধরনের ঘটনার শিকার হন না, সেটিও প্রশ্নবিদ্ধ।

ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সাহসী ও সোচ্চার নেতা হিসেবে উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? তিনি বলেন, এটি কি ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি’ ধরনের অবস্থার শামিল নয়?

একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো সবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন, আর আমরা আপনার চেয়ে ৩৬ বছর আগেই ছাত্ররাজনীতি করেছি। তখনও আমরা কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে কটূক্তি করিনি।

মির্জা আব্বাস সম্পর্কে তিনি বলেন, প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনো কেউ অভিযোগ তুলতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। বরং অসুস্থ মানুষদের সহায়তায় তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষ হঠাৎ করে কোনো তরুণ প্রার্থীকে আঘাত করবেন- এটা বিশ্বাসযোগ্য নয়।

হাদির ঘটনায় শনাক্ত ব্যক্তি যে ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন- এ কথা উল্লেখ করে রিজভী বলেন, এই সংগঠনের ইতিহাস সবার জানা। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ড ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির পরও যাদের বিবেক জাগেনি, তারা যে কোনো অপরাধে জড়াতে পারে।

তিনি বলেন, এখন দিনের আলোতেই সবকিছু স্পষ্ট হয়ে উঠছে। জনগণ যেমন প্রকৃত চেহারা চিনে ফেলেছে, তেমনি প্রশাসনও তা বুঝতে পারছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

হাদির ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

রিজভীর মন্তব্য নিয়ে যা বলছে ফ্যাক্টচেকার দ্য ডিসেন্ট
বিএনপির এই নেতার মন্তব্যের পর এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে ফ্যাক্টচেকার দ্য ডিসেন্ট। ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সৃষ্ট দাবি করা হয়েছে এক পোস্টে। শনিবার সাড়ে চারটার দিকে দ্য ডিসেন্ট-এর দেওয়া পোস্টে বলা হয়:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা ওসমান হাদীর ওপর হামলার বিষয়ে বলতে গিয়ে দুটি দাবি করেছেন যা, ফেসবুকে ছড়ানো দুটি ভুয়া খবরের সাথে মিলে যায়।

রিজভী দাবি করেছেন, ”ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামাত শিবিরের সাথে জড়িত।”

তিনি আরও বলেছেন, “ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে গুলিবর্ষণকারী ব্যক্তি চা খাচ্ছে।”

প্রথমত, গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয় যেখানে শিরোনাম ছিল, “ওসমান হাদির উপরে গুলিবর্ষণকারী জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার”।

প্রকৃতপক্ষে আরটিভি এমন শিরোনামে কোন খবর প্রকাশ করেনি।

দ্বিতীয়ত, ফেসবুকে আরেকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ডাকসু ভিপি সাদিক কায়েম হাদীর ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সাথে কফি/চা খাচ্ছেন একটি রেস্টুরেন্টে বসে।

প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সৃষ্ট।

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির নেতা ও ডাকসু ভিপি মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত, দায়িত্বশীল আচরণ নয়।’

তিনি লিখেছেন, ‘যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামীনির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবিনির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.