Sylhet Today 24 PRINT

ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

বগুড়ার সোনাতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ফজলুল করিম ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসার ছাত্রীদের নামাজ ঘর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়।

জানা গেছে, দুপুর ১টার দিকে সোনাতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম আলিম ক্লাসের এক ছাত্রীকে মাদ্রাসা ভবনের ২য় তলায় ডেকে নেয়। এরপর ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতা ছাত্রীর চিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে ও অধ্যক্ষকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়।

সোনাতলা থানার ওসি আব্দুল মোত্তালেব গ্রেপ্তারের খবর নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু জানান, ফজলুল করিম তার দলের কেউ নয়।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর সোনাতলার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ধর্ষক অধ্যক্ষের বিচারের দাবিতে মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষুব্ধ জনতা অধ্যক্ষের সহযোগী হিসেবে পরিচিত মাদ্রাসার করণিকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.