Sylhet Today 24 PRINT

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি করেন। এতে অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছে মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে। বিবাদীরা ২০২৪ সালের ৫ আগস্ট পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রপাগান্ডা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করে আসছে।

আরো বলা হয়, বিবাদীদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।

এদিকে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানিয়েছেন, আনিস আলমগীর সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান। তবে জিমে তিনি পুলিশের কাউকে দেখেননি বলেও জানিয়েছেন।

সম্প্রতি টেলিভিশন টক শোতে নানা বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.