সিলেটটুডে ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল নেমেছে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে । আজ মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরমুখী মানুষের আনাগুনা দেখা যায়। তবে নির্ধারিত সময়ে এয়ার শো শুরু না হওয়ায় অপেক্ষার প্রহর গুনছেন হাজারো দর্শককে।
সকাল পৌনে ১০টার দিকে আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ লাইন তৈরি হয়। তল্লাশি শেষে সবাইকে একে একে প্রবেশ করানো হচ্ছে। ,আগত দর্শনার্থীদের হাতে শোভা পাচ্ছে জাতীয় পতাকা। কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা ‘বিজয় দিবস’ লেখা কাপড় বেধেঁ এসেছেন অনেকে । অনেকে পরিবারের সবাই সঙ্গে লাল-সবুজের পোশাক পরে এসেছে বিজয় উৎসবের এই প্রদর্শনী উপভোগ করতে। গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিলো মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে এই জমকালো এয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকাল ১০টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। জনসমাগম হলেও অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হয়েছে বলে জানা গেছে।
তথ্যবিবরণীতে সরকার জানিয়েছে, এই এয়ার শো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে আজ তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় কোনো প্রকার ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজয়ের ৫৪তম বছর উপলক্ষে এ শোতে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন। এই ৫৪ জনের শেষ ৬ জন নিজেদের নেমপ্লেটের পরিবর্তে সুদানের ইউএন ঘাঁটিতে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের নেমপ্লেট পোশাকের পরে প্যারাট্র্যুপিং করবেন।
আশিক চৌধুরী এই ৫৪ জনের একজন। যিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বর্তমান নির্বাহী চেয়ারম্যান। শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে আশিক চৌধুরী জাম্প করবেন।