দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় ছাত্রদলের নেতার বাড়িতে গুলি | ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে নির্মাণাধীন ভবন মালিকের কাছ থেকে চাঁদা না পা্ওয়ায় অস্ত্র উঁচিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। গত রোববার বেলা একটার দিকে নগরের পাঁচলাইশের মুরাদপুর–অক্সিজেন সড়কের হামজারবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়। এদিকে পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১ মিনিট ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মো. মিজান ও জসিমের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন শ্রমিকেরা। ওই সময় তিন যুবক এসে ভেতরে যায়। দুজনের হাতে রয়েছে অস্ত্র। তাঁরা পরপর কয়েকটি গুলি ছোড়লে তাৎক্ষণিক শ্রমিকেরা আতঙ্কিত হয়ে দৌড়ে সরে যান। পরে অস্ত্র হাতে নিয়ে ব্যস্ত সড়ক পাড় হয়ে চলে যেতে দেখা যায় সন্ত্রাসীদের।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে জানা যায়, দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে গুলির ঘটনা দেখে স্থানীয় একজন পুলিশের জরুরি সেবা–৯৯৯ ফোন করেন। খবর পেয়ে পাঁচলাইশ থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ। কিন্তু এর আগেই সন্ত্রাসীরা সরে যায়।
পুলিশ জানায়, মিজান ও জসিম নামের দুই ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। তাঁদের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে ৮০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে তারা গুলি করতে আসে। এ ঘটনায় এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন জানান, সন্ত্রাসীদের ভয়ে এলাকার আমির হোসেন ও জাহাঙ্গীর আলম নামের আরও দুই ব্যক্তি তাঁদের নির্মাণকাজ বন্ধ রেখেছেন। ঘটনার শিকার মিজান ও জসিমও ভয়ে মুখ খুলছেন না ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর পুলিশ ঘঠনাস্থলে কাউকে পায়নি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করে আসছে। ঘটনার ভুক্তভোগীদের মামলা করার জন্য পরামর্শ দিলেও ভয়ে তাঁরা মামলা করতে আসেননি।
একই দিন রোববার রাতের ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া উত্তর কুলগাঁও এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করলে ছাত্রদলের এক নেতার বাড়ি লক্ষ্য করে ১৫-২০টি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । ভুক্তভোগী ছাত্রদল নেতা আহমেদ রেজা নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় সূত্র জানিয়েছে বর্তমানে তিনি যুবদলের পদপ্রত্যাশী । সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার যুবক অস্ত্র উঁচিয়ে একটি ভবনের সামনে দাঁড়িয়ে একের পর এক গুলি ছোড়েন। ১৫ থেকে ২০টি গুলির পর তাঁরা দ্রুত সরে যান। এ ঘটনায়ও ভুক্তভোগী ভয়ে থানায় মামলা করেননি। তবে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।
গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনিসহ আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ঘটনাস্থলে সারোয়ার হোসেন বাবলা নামে এক সন্ত্রাসী নিহত হন। এক মাসের বেশি সময় পার হলেও ওই ঘটনার শুটারদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ২২ জনের বিরুদ্ধে মামলা হলেও প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।