Sylhet Today 24 PRINT

কোন দলের হয়ে নির্বাচনে আসছেন মাহফুজ ও আসিফ ?

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন, এমন আলোচনা চলছে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রমতে, বিষয়টি নিয়ে দলের বিভিন্ন মহলে কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত হলে তাদের জন্য দলে নতুন পদ সৃষ্টি করা হবে।

মাহফুজ লক্ষ্মীপুর–১ ও আসিফ ঢাকা–১০ আসন থেকে নির্বাচন করবেন—এটি অনেকটাই নিশ্চিত। দুজনই বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এমন আলোচনাও ছড়েয়েছিলো। কিন্তু ওই দুটি সংসদীয় আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে।

ঢাকা–১০ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার পর গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সা আলোচনা করেছেন আসিফ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকারের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন আসিফ। তাই এখনো যোগাযোগ আছে। এর মধ্যেই এনসিপিতে যোগ দেওয়া নিয়ে্ও নতুন আলোচনা চলমান।

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের উদ্যোগে গঠিত এনসিপিতে শুরু থেকেই সুসম্পর্ক ছিল মাহফুজ ও আসিফের। তবে গত দু-তিন মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সাথে আসিফের একধরনের দূরত্ব তৈরি হয়। অন্যদিকে এনসিপিতে মাহফুজের প্রভাবও ক্রমে কমে আসে। যে কারণে তাঁদের এনসিপিতে যোগদান নিয়ে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ‘মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সাথে এনসিপির আলোচনা চলমান। দলের অনেকেই তাঁদেরকে এনসিপিতেই চাইছেন। বিষয়টি কিছুদিনের মধ্যে পরিষ্কার করা হবে।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ ও আসিফ। আর তাঁদের পদত্যাগ কার্যকর হয় ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এনসিপি ইতিমধ্যে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেই তালিকায় লক্ষ্মীপুর-১ ও ঢাকা-১০ আসন নেই। খালি থাকা এ দুই আসন সহ অন্য আসনগুলোতে এক সপ্তাহের মধ্যে এনসিপি প্রার্থী ঘোষণা করবে বলে জানা গেছে।

উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর ১২ ডিসেম্বর ঢাকা–১০ আসনে বিজয় শোভাযাত্রা করেন আসিফ, যা দৃশ্যত নির্বাচনী ‘শোডাউন’। সেদিন বিকেলে শোভাযাত্রা শুরুর আগে ফেসবুকে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন।

অন্যদিকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর মাহফুজ আলম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে আসেন ১৫ ডিসেম্বর। সেদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ বক্তব্য দেন। ওই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারাও ছিলেন।

এনসিপিতে যোগদানের আলোচনা সম্পর্কে জানতে মাহফুজ ও আসিফের যোগাযোগের চেষ্টা করা হলে, মাহফুজ কোনো জবাব দেননি । এদিকে আসিফ জানিয়েছেন, ‘আপাতত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তবে রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.