Sylhet Today 24 PRINT

লন্ডন থেকে প্রথমে সিলেট আসবেন তারেক রহমান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তারা বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। সঙ্গে থাকবেন মেয়ে জাইমা রহমানও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। তার আগে সিলেটে যাত্রাবিরতি দিবে ফ্লাইটটি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেরক নামবেন না তারেক।

আব্দুস সাত্তার আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। সর্বশেষ গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেও দেশে ফেরার এ তারিখ নিশ্চিত করেন।

তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং সদস্যসচিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.