Sylhet Today 24 PRINT

কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৫

পরিবারের ইচ্ছায় শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির ফেইসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিবেন। পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল (শনিবার) মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।”

সংগঠনটি বলেছে, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।

“মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।”

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এতে আরও বলা হয়, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.