সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়।
দূতাবাসের জারি করা সতর্কবার্তায় লেখা হয়- ‘গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার, ১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাঁর জানাজা নামাজ শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।’
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।