Sylhet Today 24 PRINT

ওসমান হাদির জানাজা অনুষ্ঠানে যা বললেন প্রধান উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি সব বাংলাদেশিদের বুকে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘হাদি কোথাও হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে আমানত রাখলাম। আমরা সবসময় তোমার কথা রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।’

তিনি আরো বলেন, ‘আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন। পথে ঢেউয়ের মতো লোক আসছে। এই মুহূর্তে কোটি কেটি মানুষের চোখ এখানে। তারা তাকিয়ে রয়েছে হাদির বিষয়ে জানার জন্য।’

হাদির কাছে ওয়াদা করে তিনি বলেন, ‘তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সে ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছি। শুধু আমরা নয়, পুরুষানুক্রমে দেশের  মানুষ সে ওয়াদা পূরণ করবে। এসময় তিনি হদির প্রসংসায় উল্লেখ করে বলেন হাদির মানব প্রেম, ওঠাবসা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই  প্রশংসা করছে। সেটা যেন আমাদের  সবসময় মনে জাগ্রত থাকে।’

তিনি বলেন শহিদ হাদি কানে এমন এক মন্ত্র দিয়ে গেছেন, সেটা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। ‘চিরদিন আমাদের কানের পাশে বাজবে হাদির মন্ত্র। হাদিকে স্বরন করে তিনি বলেন, তোমার মন্ত্র হলো ‘বল বীর, চির উন্নত মম শির’-এই মন্ত্র সব বাংলাদেশি ধারণ করবে। সবার মাঝে থাকবে তুমি বড় মন্ত্র হয়ে জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। আমরা দুনিয়ায় সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ, আমরা সেটা পূরণ করে যাবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.