Sylhet Today 24 PRINT

দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে : আসিফ নজরুল

নির্বাচনের আগেই বিচার নিশ্চিত করার দাবী ইনকিলাব মঞ্চের জাবেরের

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবির মধ্যেই এমন ঘোষণা দিলেন উপদেষ্টা।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা লিখেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী, পুলিশ প্রতিবেদন আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দুটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা এবং ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মত পেশাদার ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আল জাবের বলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এর বিচারের জন্য কী কী পদক্ষেপ নেবেন । সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে পাইনি। আপনার অসহায়ত্ব আমরা দেখতে পেয়েছি। আপনাকে কে অসহায় করে তুলল এটা আমাদের কাছে জানাতে হবে। না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না।

এসময় জাবের, নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে বলে হুশিয়ারি জানান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.