Sylhet Today 24 PRINT

জমিয়তের জুনায়েদকে ছাড় বিএনপির, ছাড় দিবেন না রুমিন

ব্রাহ্মণবাড়িয়া-২

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে বিএনপির ছেড়ে দেওয়ার চারটি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ রয়েছে। যেখান থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল।

তবে দলীয় মনোনয়ন না পেলেও সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমঝোতা হওয়া চারটি আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। এ সময় জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সেইসঙ্গে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারও নাম ঘোষণা করেনি দলটি।

এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যান এ আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের শরিক দলের নেতা জুনায়েদ আল হাবিবকে। তবে রুমিন ফারহানা তার নির্বাচনি প্রচার বন্ধ রাখেননি। বিভিন্ন সভা-সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি।

দলীয় মনোনয়ন না পেলেও এ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন রুমিন ফারহানা। শুক্রবার বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।”

আসন সমঝোতা হওয়ার পরও নির্বাচনে প্রার্থী হবেন কি-না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “আমি ২০১৫ সাল থেকে এ আসনে বিএনপির জন্য কাজ করছি। এ আসনে আমার বাবাও নির্বাচন করে পাশ করেছিলেন। এই আসনের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। সাধারণ ভোটাররাও আমাকে চায়। আমি স্বতন্ত্র নির্বাচন করব।”

তবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমরা বিএনপি পরিবার। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলের বাইরে কেউ যাব না। দীর্ঘদিন ধরে আমরা ভোট দিতে পারিনি। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার আছেন চার লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে ভোট আছে দুই লাখ ৮৮ হাজার ৬০৯টি, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৯৯ ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোট আছে ৫৭ হাজার ৭৪০টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.