নিউজ ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
বায়ুদূষণ রোধে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে তার ছবি তুলে পাঠালেই মিলতে পারে পুরস্কার—এমন ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি।
প্রতি মাসে জমা পড়া ছবির মধ্য থেকে যাচাই–বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন, পাশাপাশি বর্জ্য পোড়ানোর কারণে বায়ুর মান ক্রমেই খারাপ হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের ওপর । এতে শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে।
এই পরিস্থিতি মোকাবেলায় বায়ুদূষণের উৎসগুলো চিহ্ণিত করে নিয়ন্ত্রণের জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বর্জ্য পোড়ানোকে বড় একটি দূষণ উৎস সনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোথায় কোথায় বর্জ্য পোড়ানো হচ্ছে—সে বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করতেই এই বিশেষ উদ্যোগ।
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনে করছে, এই কার্যক্রম সফল করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ন্য। সে কারণে দেশের সব নাগরিককে বর্জ্য পোড়ানোর ঘটনার ছবি তুলে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। ছবি পাঠাতে হবে climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায়।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ক্লিয়ারিং দ্য এয়ার: অ্যাড্রেসিং বাংলাদেশ’স এয়ার পলিউশন ক্রাইসিস’ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ১১ শতাংশ বায়ুদূষণ হয় উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর কারণে।