সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি করতে বাংলাদেশকে আরো প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এই তহবিল মূলত তরুন ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের আয় ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। গত ১৮ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই অর্থায়ন অনুমোদন করা হয়।
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে এই অতিরিক্ত অর্থ (১৫০.৭৫ মিলিয়ন) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে প্রকল্পটির আওতায় সুবিধা পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার জন।
প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণের সুবিধা পাবেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে আছে মানসম্মত শিশু যত্নসেবায় প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, একটি ভালো চাকরি জীবন, পরিবার ও সমাজকে বদলে দিতে পারে। কিন্তু বহু বাংলাদেশি তরুণ কাজ খুঁজে পান না। একইসঙ্গে বাংলাদেশে চাকরির মান, দক্ষতার ঘাটতি ও অসামঞ্জস্যতার চ্যালেঞ্জ আছে।
মার্টিন আরো বলেন, এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প আয়ের পরিবারের আরো বেশি তরুণ, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ শ্রম বাজারের চাহিদাসম্পন্ন দক্ষতা, প্রশিক্ষণ পাবেন। এটি তাদের জন্য উন্নত কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করবে।