Sylhet Today 24 PRINT

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০২৫

সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার ডিএমপির এক বার্তায় বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেইসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসের তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, কিংবা ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.