Sylhet Today 24 PRINT

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ৩২

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পড়েছে একটি বাস।

এতে বিএনপির ৩২ নেতাকর্মী আহত হয়েছেন ও গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক টপি।

বুধবার মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

ওমর ফারুক টপি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে নোয়াখালী জেলা শহরের রশিদ কলোনি এলাকা থেকে ৪২ আসনের একটি বাসে অর্ধশত নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হন।

পথে কুমিল্লার বাগমারা বাজারের সামনে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

অন্য আহতদের কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটিতে থাকা নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, বাগমারা বাজার এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরেক প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত সৈকত বলেন, যদি স্থানীয়রা দ্রুত সাহায্যে না আসতেন, ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, “আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। খুশির এইদিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত আহতদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নিয়েছি।”

কুমিল্লা লাকসাম হাইওয়ে থানার ওসি আদেল আকবর বলেন, “নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় ওই বাসা থাকা ৮ জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য যাত্রীদের বিকল্প পরিবহনে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয় ।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.