Sylhet Today 24 PRINT

তারেক রহমানের নেতৃত্বে আমরা নির্বাচনে জয়ী হব : মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সে নির্বাচনে জয়ী হব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া্ও নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র, আইনের শাসনের প্রতিষ্ঠা এবং তারেক রহামনের ৩১ দফাকে বাস্তবায়ন করতে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের সময় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি,তার নেতৃত্বে ২০২৬ সালেও আমরা জয়ী হব।

ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে (তারেক রহমান) স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণে সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

তারেক রহমান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র, আইনের শাসনের প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের তারেক রহামনের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.