সিলেটটুডে ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।আজ দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা।
এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গতকাল বাদ জুমা তাঁরা শাহবাগে অবস্থান নেন। সারা রাত শাহবাগে অবস্থান করেন তাঁরা।
তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তাঁরা আবার শাহবাগে অবস্থান করবেন।
সরেজমিন দেখা গেছে, শাহবাগে হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা।