Sylhet Today 24 PRINT

সীমান্তে দেশীয় অস্ত্রসহ বহিষ্কৃত শিবির নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে দেশি ধারালো অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে বিজিবি।আটক আতিক হাসান (২৫) পাটগ্রাম উপজেলার ইসলামপুর সীমান্তপাড়া গ্রামের বজলার রহমানের ছেলে এবং পাটগ্রাম উপজেলা ইউনিট ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

আজ শনিবার ভোরে উপজেলার আউলিয়ার হাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে দুপুরে বিজিবির করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিজিবি সূত্র জানায়, আতিকের কাছ থেকে প্রায় ২ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্য ও ২ ইঞ্চি প্রস্থের একটি দেশি লম্বা ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার সঙ্গে থাকা চোরাকারবারী সিন্ডিকেটের আরও ২ সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তারা হলেন—পাটগ্রাম উপজেলার ইসলামপুর কোনাপাড়া গ্রামের আফতার উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম (৪২) ও ইসলামপুর পকেটপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে জুলফিকার আলী (৩৫)।

বিজিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার আতিক হাসান এবং পলাতক দুইজন সীমান্ত এলাকায় একটি চোরাচালান সিন্ডিকেটের সাথে কাজ করছে। তারা ভারত থেকে গরু, মাদক, মশলা, কসমেটিকস ও শাড়িসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করে।


এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্র-শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম সালেহী বলেন, সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক আগেই আতিক হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি ছাত্রশিবিরের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, 'আতিক হাসান ও পলাতক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন বিজিবির হাবিলদার শাহ আলম।পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আতিককে রোববার সকালে আদালতে সোপর্দ করা হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.