সিলেটটুডে ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শেখ হাসিনার এই শোক প্রকাশের তথ্য জানানো জানানো হয়।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা বলেন, আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।