Sylhet Today 24 PRINT

ব্লগার রাজীব হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

ব্লগার আহমেদ রাজীব হায়দার (থাবা বাবা) হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি রাজীব হত্যা মামলার বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্টে আসে। এখন এ মামলার শুনানির জন্য দ্রুত পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।

পরে মামলার তদন্ত শেষে গত বছরের ২৮ জানুয়ারি জসীমউদ্দিন রাহমানীসহ ওই আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ। ২০১৫ সালের ১৮ মার্চ তাদের সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। এ মামলার অভিযুক্ত আটজনের মধ্যে প্রধান আসামি রেদোয়ানুল আজাদ রানা ছাড়া সকলেই বর্তমানে কারাগারে আছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর বিচারিক আদালতের রায়ে রাজধানীর বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পলাতক রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

এ ছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে ৫ বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। আর সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এটা ব্লগার হত্যার প্রথম রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.