সিলেটটুডে ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫
প্রতীকী ছবি
বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়ায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। শেকেরচর হাটে তার ব্যবসা রয়েছে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার রাতে জাহিদুলকে ফোন করে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় ডাকা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, নিহতের বুকে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।