Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১১

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মানব পাচার মামলায় অভিযুক্ত একজন সহ ১১ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মানব পাচার মামলায় আগে গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) আছেন। পুলিশ জানায়, তাঁকে ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ছয় পুরুষ, চার নারী ও এক শিশু আছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের গোয়াইনঘাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতেই বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একই এলাকা থেকে অজয় বিশ্বাসকে আটক করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অজয় বিশ্বাস ওই ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.