Sylhet Today 24 PRINT

জানাজার জন্য খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে জানাজার জন্য।

আজ বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়েছে।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্য ও স্বজনেরা জানাজাস্থলে যাচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

জানাজার জন্য খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.