Sylhet Today 24 PRINT

হরতালে যানজট,প্রধানমন্ত্রীর গাড়িবহর মন্থর

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যে সচিবালয়ে যাওয়ার পথে তিন দফা যানজটে মন্থর করতে হয়েছে প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতি।

নিউজ ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল সাড়ে ৯টার পর গণভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন।

প্রথমে তার বহরের গতি মন্থর করতে হয় ফার্মগেইটে। এরপর বাংলামোটর এবং কাকরাইল মসজিদের মোড়ে বহরের গতি ধীর হয়ে যায় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান। তিনি নিজেও বহরের সঙ্গে ছিলেন।

সাধারণত রাষ্ট্র ও সরকার প্রধানদের গাড়িবহর কঠোর নিরাপত্তায় চলাচল করেন। তাদের গাড়িবহর আসার আগেই রাস্তা খালি করে দিতে পুলিশের ব্যাপক তৎপরতা থাকে।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে থাকা মহানগর পুলিশের একজন উপ-কমিশনার, যিনি মূলত রাস্তা নির্বিঘ্ন করার দায়িত্ব পালন করেন, তিনি জানান, অন্য দিনের তুলনায় গাড়ির চাপ বেশি থাকায় ওই তিনটি পয়েন্টে বহরের গতি বেশ খানিকটা কমে আসে।

আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তাকর্মীদের চেষ্টার পরও প্রধানমন্ত্রী হরতালে ‘যানজট এড়াতে পারেননি’ বলে তথ্য মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর যানজটে শ্লথ হয়ে যাওয়ায় হরতালের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন আশরাফুল আলম খোকন।    

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও সরকার প্রধানের বহরই যখন যানজটে আটকে যাচ্ছে- সেখানে হরতাল বলে কিছু হচ্ছে কিনা সেটাই তো এখন প্রশ্ন।”

প্রধানমন্ত্রী নিজেও তার যানজটে পড়ার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলেন এবং বিএনপির হরতালের অসারতা নিয়ে কথা বলেন বলে তথ্য মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়।  

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.