Sylhet Today 24 PRINT

যশোরে সাংবাদিককে ডেকে নিয়ে গুলি, এরপর গলা কেটে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত ।

যশোরের মনিরামপুরে এক সাংবাদিককে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী (৩৮)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। মনিরামপুরের কপালিয়া বাজারে তাঁর একটি বরফ তৈরির কারখানা রয়েছে।

স্থানীয় কয়েক ব‍্যক্তি ও পুলিশ জানায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তাঁর বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, নিহত রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি এবং কেশবপুর থানায় তিনটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি।

রানা প্রতাপ বৈরাগীর মাথায় তিনটি গুলি করে এবং গলা কেটে হত‍্যা করা হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয‍্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, তাঁকে হত‍্যার কারণ জানা যায়নি। কে বা কারা এ হত‍্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.