Sylhet Today 24 PRINT

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এতে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।”

এ ঘটনায় আহত আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০) তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দুজন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি দেখছেন।

এদিকে গুলির ঘটনার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভিড় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.